প্রকাশিত: 6:59 AM, November 26, 2026


লৌহজংয়ে এসএসসি টেস্টের ফলাফল নিয়ে অনিয়মের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীমণ্ডল আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র মন্ডল ও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ২০২৭ সালের এসএসসি নির্বাচনী (টেস্ট) পরীক্ষার ফলাফলে অনিয়ম, কারচুপি, বহিরাগতদের দিয়ে হামলা এবং এক শিক্ষার্থীকে জোরপূর্বক পায়ে মাথা ঠেকিয়ে ক্ষমা চাইতে বাধ্য করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বিদ্যালয়ের এসএসসি ২০২৭ পরীক্ষার্থী আবু তালহা গত ২৩ নভেম্বর ২০২৬ তারিখে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছে। অভিযোগের অনুলিপি মুন্সীগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

লিখিত অভিযোগে আবু তালহা দাবি করেন, বিদ্যালয়ের নির্বাচনী পরীক্ষার ফলাফলে নিয়মিত ও মেধাবী শিক্ষার্থীদের ইচ্ছাকৃতভাবে অকৃতকার্য দেখানো হয়েছে। অন্যদিকে তুলনামূলক দুর্বল ও অনিয়মিত শিক্ষার্থীদের অনৈতিক সুবিধা দিয়ে উত্তীর্ণ করা হয়েছে। ফলাফলে এ ধরনের অসংগতি ও স্বজনপ্রীতির পেছনে প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষক জড়িত বলে অভিযোগ করে তালহা।

অভিযোগে আরও বলা হয়, ফলাফলের অসংগতি নিয়ে প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি সন্তোষজনক উত্তর না দিয়ে বহিরাগতদের বিদ্যালয়ে ডেকে আনেন। পরে বিদ্যালয় প্রাঙ্গণে প্রকাশ্যে ওই শিক্ষার্থীকে অবমাননাকর পরিস্থিতির মুখোমুখি করা হয় এবং জোরপূর্বক পায়ে মাথা ঠেকিয়ে ক্ষমা চাইতে বাধ্য করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ছাড়া শিক্ষার্থীকে অকথ্য ভাষায় গালিগালাজ, হুমকি-ধমকি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। এসব ঘটনার পর থেকে সে মানসিকভাবে বিপর্যস্ত এবং নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে আবেদনে উল্লেখ করেছে।

আবু তালহার অভিযোগের নিরপেক্ষ তদন্ত, এসএসসি নির্বাচনী পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন, নিজের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অভিযোগে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র মন্ডলের সাথে কথা বললে তিনি বলেন এ ধরনের কোনো ঘটনা ঘটে নাই অভিযোগটি মিথ্যা।

তবে অপর দিকে দেখা যাচ্ছে উপজেলা শিক্ষা অফিসার এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য প্রধান শিক্ষককে ডাকানো হয়েছিলো, তার বিরুদ্ধে আনিতো অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য তদন্ত প্রক্রিয়া চালু করা হয়েছে,এবং তদন্ত চলমান রয়েছে।