সাবিয়া ইসলাম সাবিয়া ইসলাম
রিপোর্টার
মীর নাসির ও তার স্ত্রীর বিরুদ্ধে জমি দখল, অর্থ আদায় ও সাংবাদিক হয়রানির অভিযোগ: নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন


মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের আঞ্চলিক পত্রিকা, দৈনিক ‘সভ্যতার আলোর’ সম্পাদক ও প্রকাশক মীর নাসির উদ্দিন উজ্জ্বল এবং তার স্ত্রী ফারহানা মির্জার বিরুদ্ধে জমি দখল, ভয়ভীতি প্রদর্শন, অর্থ আদায়, সাংবাদিক হয়রানি ও রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগে নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং অভিযোগকারীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাংবাদিকতার পরিচয় ও রাজনৈতিক প্রভাবকে ব্যবহার করে মীর নাসির উদ্দিন উজ্জ্বল এবং তার স্ত্রী বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে হয়রানি করে আসছেন। একই সঙ্গে জমি দখল, ভয়ভীতি প্রদর্শন ও অর্থ আদায়ের মতো কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও তোলেন তারা।
বক্তারা মুন্সীগঞ্জ সদর উপজেলার মানিকপুর মৌজার পাচ শতাংশ জমি আত্মসাতের চেষ্টা, ২০১৪ সালে কথিত জাল দলিল তৈরি এবং ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর জমি দখলকে কেন্দ্র করে ভাঙচুর ও মারধরের অভিযোগ তুলে ধরে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
এ ছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও হয়রানির অভিযোগ তুলে বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। একই সঙ্গে দৈনিক ‘সভ্যতার আলো’ পত্রিকার ঘোষণাপত্র অনুমোদন, সম্পাদক ও প্রকাশকের শিক্ষাগত যোগ্যতা এবং সংশ্লিষ্ট নথিপত্র যাচাইয়ের দাবিও জানান তারা।
মানববন্ধনে জুলাই-আগস্টের আন্দোলন চলাকালে মুন্সীগঞ্জে সংঘটিত সহিংসতার ঘটনায় মীর নাসির উদ্দিন উজ্জ্বলের কথিত ভূমিকা নিয়েও তদন্তের দাবি জানানো হয়।
বক্তাদের অভিযোগ, তৎকালীন সময়ে ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের উদ্দেশে হুমকিমূলক বক্তব্য দিয়েছিলেন এবং ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়ে আন্দোলনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিলেন। বর্তমানে তার বিরুদ্ধে সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি ও অত্যাচার করার অভিযোগও করেন কয়েকজন ভুক্তভোগী।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সাংবাদিকতা একটি সম্মানজনক পেশা। এই পেশার পরিচয় ব্যবহার করে কেউ যদি ব্যক্তিগত স্বার্থ হাসিল, জমি দখল, ভয়ভীতি প্রদর্শন কিংবা সাধারণ মানুষকে হয়রানি করেন, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি। সাংবাদিকতার পরিচয় কিংবা রাজনৈতিক প্রভাব কাউকে আইনের ঊর্ধ্বে স্থান দিতে পারে না।
মানববন্ধন থেকে সাত দফা দাবি উত্থাপন করে বক্তারা সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, উত্থাপিত প্রতিটি অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে এবং তদন্তে অপরাধ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

