
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুর মাজার রোড এলাকায় একটি আবাসিক হোটেলের কামরায় তরুণীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় শাহ আলী থানায় ভুক্তভোগী তরুণীর অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা দায়ের হয়েছে। তবে গণধর্ষণের এই ঘটনায় পাঁচ দিন অতিবাহিত হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
ভুক্তভোগীর অভিযোগসূত্র জানা গেছে, শুক্রবার ২০ নভেম্বর মিরপুর হযরত শাহ আলীর মাজারে জিয়ারত করার উদ্দেশ্যে যান। সেখানে ভিকটিমের পূর্ব পরিচিত এক নারীর সাথে সাক্ষাৎ হয়।এ সময় ওই পূর্ব পরিচিত নারী ভিকটিমকে বলেন আমার উপর উপরি ভাব(জিনের আসর) আছে।
এ কথা শুনে ভিকটিম একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন এবং জানতে চান জ্বীনের আসর ছাড়তে হলে কি করতে হয় পরামর্শ চান। এ সময় ওই পরিচিত নারী ভিকটিমকে বলেন পাশেই দয়ালের আসন আছে সেখানে গিয়ে নালিশ দিলেই দয়াল ঝাড়ফুঁক কড়লেই উপরি ভাব (জিনের আসর কেটে যাবে)। সরল বিশ্বাসে পরিচিত ওই নারীর কথা বিশ্বাস করে ভিকটিম তার সাথে যান। পরবর্তীতে ভিকটিম কে পার্শ্ববর্তী হাজী সেলিম মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত সুন্দরবন নামক আবাসিক হোটেলের একটি কক্ষে নিয়ে যান। সেখানে যাওয়ার কিছুক্ষণ পর সে কক্ষে বেশ কয়েকজন লোক এসে জড়ো হয়।
সে সময়ে তার পূর্ব পরিচিত ওই নারী লোকজনের সাথে ভিকটিমকে কথা বলতে বলেন। এবং নিজে রুম থেকে বেরিয়ে যান। পরবর্তীতে অভিযোগে উল্লিখিত ব্যক্তিগণ ভিকটিমকে জোর পূর্বক ইচ্ছার বিরুদ্ধে গণহারে ধর্ষণ করেন। এ সময় অভিযুক্ত ব্যক্তিরা ভিকটিমকে বিবস্ত্র অবস্থায় নিজেদের মোবাইল ফোনে ভিডিও ধারণ করে এবং ছবি তুলে বিভিন্ন অজ্ঞাত স্থানে পাঠিয়ে উল্লাস করতে থাকে।
বিষয়ে শাহ আলী থানার ডিউটি অফিসার এর সাথে কথা বললে তিনি জানান,এই ধরনের একটি অভিযোগে ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস ভিকটিম সাপোর্ট সেন্টারেপাঠানো হয়েছে। এই মামলাটি শাহ আলী থানার ইন্সপেক্টর অপারেশন ওবায়দুল হক তদন্ত করছেন। এ বিষয়ে শাহ আলী থানার অফিসার ইনচার্জ জানান, ধর্ষণের ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে, আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
তবে যে আবাসিক হোটেলে এই গণধর্ষণের ঘটনা ঘটেছে সেখানে এখনো নিয়মিত মাদকের আখড়া ও নারীদের দিয়ে অনৈতিক কর্মকান্ড চলছে বলে নির্ভরযোগ্য সূত্রে খবর পাওয়া গেছে।