
শিমুলিয়া ঘাটে অবৈধ ড্রেজিং ও বালু বাণিজ্য: ট্রলার চলাচলে বিঘ্ন, হুমকির মুখে পর্যটন সৌন্দর্য

নিজস্ব প্রতিবেদঃ
মুন্সীগঞ্জের পদ্মা সেতু সংলগ্ন অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র শিমুলিয়া ঘাটের পরিবেশ ও সৌন্দর্য এখন মারাত্মক হুমকির মুখে। ট্রলার ঘাটের চলাচলের প্রধান স্থানে অবৈধ ড্রেজার বসিয়ে বাল্ক গেড থেকে বালু আনলোড করা হচ্ছে। একদিকে যেমন ট্রলার চলাচলে বিঘ্ন ঘটছে, অন্যদিকে যেকোনো মুহূর্তে বড় ধরনের নৌ-দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় ও পর্যটকদের সূত্রে জানা গেছে, শিমুলিয়া ঘাটের যে স্থান থেকে দর্শনার্থীরা ট্রলার বা নৌকায় উঠে পদ্মার বুকে ঘুরে বেড়ান এবং পদ্মা সেতুর অপরূপ সৌন্দর্য উপভোগ করেন, ঠিক সেই চলাচলের পথেই বসানো হয়েছে বিশালাকার ড্রেজার। নদীপথে আসা বাল্কহেড থেকে সরাসরি (ড্রেজিং) করে মোটা পাইপের মাধ্যমে বাবলাতলা এলাকায় বালু ফেলা হচ্ছে। ফলে পর্যটকরা ঘাটে দাঁড়িয়ে পদ্মা সেতুর দিকে তাকালেই চোখ আটকে যাচ্ছে ড্রেজার ও তার বিশাল পাইপলাইনে। এতে পর্যটন কেন্দ্রটির স্বাভাবিক পরিবেশ ও নান্দনিক সৌন্দর্য ব্যাপকভাবে বিনষ্ট হচ্ছে।
সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো বালু বহনের জন্য বিশাল এলাকায় ছড়িয়ে থাকা ড্রেজিং পাইপের কারণে পর্যটকবাহী ট্রলার চলাচলে চরম প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। আঁকাবাঁকা ও ঝুঁকিপূর্ণ পথ পেরিয়ে ট্রলার যাতায়াত করায় যেকোনো মুহূর্তে ড্রেজার পাইপ বা ড্রেজারের সাথে ধাক্কা লেগে বড় ধরনের প্রাণহানি ও নৌ-দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। পর্যটকদের নিরাপত্তা এখন চরম হুমকিতে।
স্থানীয় সুশীল সমাজ ও আগত দর্শনার্থীরা ক্ষোভ প্রকাশ করে জানান, একটি সম্ভাবনাময় পর্যটন স্পটে এমন অনিয়ন্ত্রিত বালু বাণিজ্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রশাসন যদি অবিলম্বে এই অবৈধ ড্রেজিং বন্ধে কঠোর পদক্ষেপ না নেয়, তবে একদিকে শিমুলিয়া ঘাট পর্যটক শূন্য হয়ে পড়বে, অন্যদিকে ঘটে যেতে পারে বড় ধরনের অপূরণীয় ক্ষতি।
এ বিষয়ে স্থানীয় জেলা প্রশাসন ও নৌ-পুলিশের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী ট্রলার চালক, স্থানীয় ব্যবসায়ী এবং সারাদেশ থেকে আসা পর্যটকরা। ঘাটের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা ও প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখতে অবিলম্বে ট্রলার ঘাট এলাকা থেকে ড্রেজার অপসারণের জোর দাবি জানানো হচ্ছে।