
পদ্মা সেতুর ১৩ নম্বর পিলারের কাছে রাতের আঁধারে অবৈধ ড্রেজারে বালু লুট, হুমকিতে লৌহজংয়ের অস্তিত্ব
নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে আবারও বেপরোয়া হয়ে উঠেছে অবৈধ বালু উত্তোলনকারী চক্র। পদ্মা সেতুর ১৩ নম্বর পিলারের প্রায় তিন কিলোমিটার পশ্চিমে রাতের আঁধারে শক্তিশালী কাটার ড্রেজার বসিয়ে চলছে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি। স্থানীয়দের অভিযোগ, বাবু বেপারী, শাহিন ফকির ও মাসুদ নামের ব্যক্তিদের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে পদ্মার বুক চিরে এ বালু উত্তোলন করে যাচ্ছে। এতে নদীভাঙনের ঝুঁকিতে পড়েছে পদ্মার তীরবর্তী জনপদ ও মানুষের বসতভিটা।
স্থানীয়দের আশঙ্কা, এভাবে অবাধে বালু উত্তোলন চলতে থাকলে একসময় লৌহজংয়ের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ,মাদ্রাসা, মন্দিরসহ গুরুত্বপূর্ণ স্থাপনা হারানোর আতঙ্কে দিন কাটছে নদীতীরবর্তী মানুষের। যেসব পরিবার নতুন করে ঘরবাড়ি গড়ে বেঁচে থাকার স্বপ্ন দেখছে, তাদের সেই স্বপ্নও নদীভাঙনের মুখে পড়তে পারে।
এদিকে পদ্মা নদীতে অবৈধ ড্রেজার ও বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা আগেই জানিয়েছেন মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গিবাড়ী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। অবৈধ ড্রেজারের তথ্য দিয়ে তা ধরিয়ে দিতে পারলে প্রথমে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন তিনি। পরবর্তী সময়ে সেই পুরস্কারের পরিমাণ বাড়িয়ে এক লাখ টাকা করা হয়।
কিন্তু সংসদ সদস্যের এমন ঘোষণার পরও পদ্মা সেতুর কাছাকাছি এলাকায় রাতের আঁধারে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ ওঠায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে। তাহলে কার ছত্রছায়ায় চলছে এই বালু উত্তোলন, কেন বন্ধ হচ্ছে না নদী ধ্বংসের এই কর্মকাণ্ড, সংশ্লিষ্ট প্রশাসন ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন এলাকাবাসী।
স্থানীয়দের দাবি, অবিলম্বে ঘটনাস্থলে অভিযান চালিয়ে অবৈধ ড্রেজার জব্দ, বালু উত্তোলন বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় অপরিকল্পিত ও অবৈধ বালু উত্তোলনের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে পদ্মাপারের সাধারণ মানুষকে।
জাতীয় সম্পদ পদ্মা নদী রক্ষা এবং লৌহজংয়ের জনপদকে নদীভাঙনের ভয়াবহতা থেকে বাঁচাতে প্রশাসন, নৌ,পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।