
বিআইডব্লিউটিএর রকিবুল ইসলাম ও আরিফ হাসনাতের অবৈধ সিন্ডিকেট: হাজার কোটি টাকার লুটপাট ও ক্ষমতার অপব্যবহারের ভয়াবহ চিত্র
অনুসন্ধানের প্রতিবেদন :
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এ দীর্ঘদিন ধরে গড়ে ওঠা একটি শক্তিশালী দুর্নীতি সিন্ডিকেটের বিরুদ্ধে ভয়াবহ সব অভিযোগ সামনে এসেছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব, মন্ত্রী-সংশ্লিষ্ট লবিং এবং প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে এই সিন্ডিকেট হাজার হাজার কোটি টাকার প্রকল্প লুটপাট, টেন্ডার বাণিজ্য, নদী দখল, উচ্ছেদ বাণিজ্য ও বিদেশে অর্থ পাচারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়েছে বলে জোরালো অভিযোগ উঠেছে।
এই সিন্ডিকেটের অন্যতম আলোচিত সদস্য হিসেবে উঠে এসেছে বিআইডব্লিউটিএ’র বন্দর ও পরিবহন বিভাগের অতিরিক্ত পরিচালক এ.কে.এম. আরিফ উদ্দিন ওরফে “আরিফ হাসনাত”-এর নাম। দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতোমধ্যে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে। পাশাপাশি ড্রেজিং বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ছাইদুর রহমান, প্রধান প্রকৌশলী রকিবুল ইসলাম তালুকদার এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী মজনু মিয়ার বিরুদ্ধেও একাধিক দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে রয়েছে।
দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় (সেগুনবাগিচা, ঢাকা)-এর স্মারক নং- ০০.০১.২৬০০.৬০৩.০১.২৩৪.২৩.৩২৩১৭ (তারিখ: ২৩/০৯/২০২৩ খ্রিষ্টাব্দ) অনুযায়ী উপ-পরিচালক মো. হাফিজুল ইসলামকে টিম লিডার করে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়। ওই অনুসন্ধানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়— “জনাব আরিফ হাসনাত, যুগ্ম পরিচালক, বিআইডব্লিউটিএ কর্তৃক নানাবিধ দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ”। দুদকের চাহিদাপত্র অনুযায়ী যে বিষয়গুলোর হিসাব চাওয়া হয়েছিল, নারায়ণগঞ্জ ও সদরঘাট পোর্টের ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত রাজস্ব আদায়ের হিসাব। সরকারি কোষাগারে জমা সংক্রান্ত ডিপোজিট স্লিপ ও ব্যাংক হিসাবের বিবরণী। আরিফ উদ্দিনের ব্যক্তিগত নথি, বেতন-ভাতার তথ্য এবং তার নিজ, স্ত্রী, সন্তান ও ভাইদের নামে ব্যবসা বা শেয়ার পরিচালনার নথিপত্র। নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী এ.কে.এম. আরিফ উদ্দিনের এনআইডি নম্বর ৫৫০৮৪৫৪৯০৬। তার জন্ম ১ ডিসেম্বর ১৯৬৯ সালে পাবনায়; পিতা আব্দুল করিম এবং স্ত্রী কাজী শামীমা সুলতানা। স্থায়ী ঠিকানা পাবনার সুজানগরের রাইপুর ক্ষেতুপাড়া এলাকায় হলেও বর্তমানে তিনি ঢাকার এলিফ্যান্ট রোডে বিলাসবহুল আবাসনে বসবাস করছেন।
সরকারি চাকরির আড়ালে তিনি ঢাকার বসুন্ধরা, বারিধারা, পূর্বাচল, গুলশানসহ বিভিন্ন এলাকায় নামে-বেনামে একাধিক ফ্ল্যাট, প্লট ও বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে, বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-সি, রোড-১ এর প্লট নং-৫৪, ৫৫ ও ৫৬-এ তার তিনটি বিলাসুহুল ফ্ল্যাট রয়েছে। এছাড়া আহমেদ আকবর সোবহানের বাড়ির উত্তর পাশেও তার একটি প্লট রয়েছে বলে সূত্র জানিয়েছে।
বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা-কর্মচারীদের কাছে রকিবুল ইসলাম “পল্টিবাজ আরিফ” নামেই বেশি পরিচিত। অভিযোগ রয়েছে, ছাত্রজীবনে বিএনপির ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নিজেকে কট্টর আওয়ামী লীগার হিসেবে প্রতিষ্ঠা করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে তিনি ব্যাপক প্রভাব বিস্তার করতেন। শুধু তাই নয়, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তুরাগ নদীতে নৌকা বাইচ আয়োজন করে কোটি কোটি টাকা আত্মসাৎ এবং বিআইডব্লিউটিএ’র বিভিন্ন স্টেকহোল্ডারের কাছ থেকে চাঁদা তোলার গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে বর্তমান রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি আবারও নিজেকে “সাচ্চা বিএনপি” পরিচয়ে প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছেন।
অনুসন্ধানে প্রাপ্ত তথ্যানুযায়ী, বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষ্যা নদীতে অবৈধ দখল উচ্ছেদের নামে অন্তত ৫০ কোটি টাকার বাণিজ্য করেছেন আরিফ উদ্দিন। নিরীহ ব্যবসায়ী ও ভবন মালিকদের ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়, বৈধ ভবন গুঁড়িয়ে দেওয়া এবং মোটা অঙ্কের টাকার বিনিময়ে অবৈধ স্থাপনা অক্ষত রাখার মতো ভয়াবহ অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পুরান ঢাকার ইসলামবাগ এলাকায় ১৮টি বৈধ ভবন ভাঙচুরের ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হওয়ার অভিযোগ ওঠে। ভুক্তভোগীদের দাবি, ভবনপ্রতি লাখ লাখ টাকা চাঁদা দাবি করা হলেও টাকা না দেওয়ায় উচ্ছেদ অভিযান চালানো হয়। এছাড়া নারায়ণগঞ্জে আলিনা ডকইয়ার্ড ও মুন্সি ডকইয়ার্ড উচ্ছেদ করে কর্ণফুলী ডকইয়ার্ডকে জমি বুঝিয়ে দেওয়ার অভিযোগেও উচ্চ আদালতে রিট হয়েছিল, যেখানে পরবর্তীতে স্ট্যাম্পের মাধ্যমে গোপন সমঝোতা করা হয় বলে অভিযোগ রয়েছে। ২০১৮ সালের ৫ আগস্ট সদরঘাটে বায়তুল নাজাত মসজিদ ও মাদরাসা ভাঙাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আরিফ উদ্দিনের বিরুদ্ধে জোরালো অভিযোগ ওঠে। মসজিদ কর্তৃপক্ষের কাছে চাঁদা দাবি এবং তা না পেয়ে এই হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। একটি পিকনিক লঞ্চে অভিযান চালিয়ে লঞ্চ মাস্টারকে মারধর এবং সেনা কর্মকর্তা ও সচিব পর্যায়ের কর্মকর্তাদের অপমান করার ঘটনাও ব্যাপক আলোচিত হয়েছিল। তবে রাজনৈতিক আশ্রয়ের কারণে অতীতে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিআইডব্লিউটিএ’র ড্রেজিং বিভাগকে কেন্দ্র করে গড়ে ওঠা আরেকটি ভয়ংকর সিন্ডিকেটের নেতৃত্বে রয়েছেন প্রধান প্রকৌশলী রকিবুল ইসলাম তালুকদার, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ছাইদুর রহমান ও মজনু মিয়া।
প্রকল্পে দুর্নীতি অনুসন্ধানে বেরিয়ে আসে, ৩৫ ড্রেজার ক্রয় ও আনুষঙ্গিক জলযান সংগ্রহ প্রকল্পসহ প্রায় ১২ হাজার কোটি টাকার প্রকল্পে বিদেশি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে নিম্নমানের দেশীয় ড্রেজার সরবরাহ করা হয়েছে। এলসি খুলে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করার অভিযোগও রয়েছে। নদী খননে নয়ছয় নিয়ে অনুসন্ধানে বেরিয়ে আসে, পুরাতন ব্রহ্মপুত্র, ধরলা, তুলাই ও পূর্ণভবা নদী খনন প্রকল্পে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, কাগজে-কলমে ড্রেজিং দেখানো হলেও বাস্তবে নদীতে কোনো কাজই করা হয়নি। ছাইদুর রহমানের বিরুদ্ধে সম্পদ গোপনের ফন্দি নিয়ে অনুসন্ধানে বেরিয়ে আসে, ড্রেজিং বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ছাইদুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলা এড়াতে জীবিত বাবাকে মৃত দেখিয়ে সম্পদ গোপনের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। কুড়িগ্রাম ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় তার বিপুল পরিমাণ সম্পদের সন্ধান রয়েছে।
মজনু মিয়ার ভুয়া বিল-ভাউচার বাণিজ্য নিয়ে অনুসন্ধানে বেরিয়ে আসে, বরিশাল ড্রেজার বেইজের দায়িত্বে থাকা অবস্থায় অতিরিক্ত প্রধান প্রকৌশলী মজনু মিয়া ড্রেজার মেরামত, জ্বালানি ক্রয় ও স্থানান্তরের নামে ভুয়া বিল-ভাউচার তৈরি করে অন্তত ১৫০ কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, দুদকে একাধিক অনুসন্ধান চললেও রহস্যজনক কারণে তদন্তের গতি ধীর রয়েছে। প্রভাবশালী রাজনৈতিক ও প্রশাসনিক লবিংয়ের মাধ্যমে অভিযুক্তরা চলমান মামলা ও অনুসন্ধান থেকে রেহাই পাওয়ার অপচেষ্টা চালাচ্ছেন।
তবে সংশ্লিষ্ট সচেতন মহলের মতে, বিআইডব্লিউটিএ’র এই বহুমাত্রিক দুর্নীতি, টেন্ডার সিন্ডিকেট, নদী দখল ও রাষ্ট্রীয় অর্থ লুটপাটের অভিযোগগুলো যদি নিরপেক্ষভাবে তদন্ত করা হয়, তবে দেশের অন্যতম একটি বড় দুর্নীতির জাল উন্মোচিত হতে পারে।